আন্তর্জাতিক

হরমুজে ‘মার্কিন শয়তানদের’ প্রভাব কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব শিগগিরই হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ এবং নৌ অবরোধ আরোপের মাধ্যমে ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি ও পণ্য পরিবহনকে ঝুঁকির মুখে ফেলেছে। খুব দ্রুতই হরমুজ থেকে মার্কিন অশুভ শক্তি ও তার মিত্রদের প্রভাব কমে আসবে।

মঙ্গলবার (০৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে একটি ‘নতুন সমীকরণ’ তৈরি হচ্ছে, যা ক্রমেই দৃঢ় হচ্ছে।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য সহনীয় নয়—এটি আমরা ভালোভাবেই জানি। অথচ আমরা এখনো পূর্ণ মাত্রায় পদক্ষেপই শুরু করিনি।’

এর আগে গেল ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দর ও জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করেছে, যা অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

এর মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযানের ঘোষণা দেন। তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, যেখানে মার্কিন নৌবাহিনী সরাসরি নিরাপত্তা দেবে।

তবে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সাম্প্রতিক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ #যুক্তরাষ্ট্র