হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় এর প্রভাব পড়েছে ইউরোপের শেয়ারবাজারে। লেনদেনের শুরুতেই অধিকাংশ সূচক নিম্নমুখী হয়ে পড়ে।
মঙ্গলবার (০৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের একটি তেল শোধনাগারে হামলার অভিযোগের প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে একটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে করে অঞ্চলজুড়ে অস্থিরতা আরও বেড়েছে।
বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত প্যান-ইউরোপীয় সূচক স্টোক্স-৬০০ প্রায় ০.১ শতাংশ কমে ৬০৪.৬৮ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে লন্ডনের এফটিএসই-১০০ সূচকেও প্রায় ১ শতাংশ পতন দেখা যায়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ইউরোপের জ্বালানিনির্ভর অর্থনীতিগুলো চাপের মুখে পড়েছে। এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। চলতি বছরে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার সুদের হার বাড়াতে পারে, এমন ধারণাও জোরদার হচ্ছে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।
বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং নতুন করে আরেক দফা বৈঠকের প্রস্তুতিও চলছে।
এমএ//