আন্তর্জাতিক

সরকার গঠনের দ্বারপ্রান্তে থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে এবার সিনেমার পর্দা পেরিয়ে বাস্তবের মঞ্চে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত মিলছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত, তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে এবার ১০৮টি আসনে জয় পেয়েছে, যা তাদেরকে রাজ্যের সবচেয়ে বড় একক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। সেই হিসেবে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন দূরে অবস্থান করছে।

মঙ্গলবার (৫ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, টিভিকে-কে সরকার গঠনে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলের সাংসদ সসিকান্ত সেথিল জানান, কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে টিভিকে-কে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে। এই সমর্থনের ফলে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছে গেছে।

এ ছাড়া কংগ্রেসের সঙ্গে জোটের মাধ্যমে আরও পাঁচটি আসন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে টিভিকে’র। একইসঙ্গে ভারতীয় কমিউনিস্ট পার্টি, সিপিআই (এম) এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি-র সমর্থন পাওয়ার বিষয়েও আশা করা হচ্ছে।

সূত্র অনুযায়ী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকে-কে সমর্থনের পক্ষে ছিলেন। তবে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে চান, এ বিষয়ে সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজ্য নেতৃত্বই নিক। পরে একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে রাজ্য ইউনিটকে সমর্থনের অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, নতুন সরকারে কংগ্রেস দুইটি মন্ত্রিত্ব দাবি করছে। পাশাপাশি তাদের শর্ত, টিভিকে যেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা তার সহযোগী দল, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে কোনো জোট না করে।

দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য থাকা রাজনীতিতে এবার নতুন শক্তির উত্থান ঘটেছে। সবকিছু ঠিক থাকলে ৭ মে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

চেন্নাইয়ের পানাইয়ুরে টিভিকে’র প্রধান কার্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানেই কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই জোট বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগের সূচনা হতে পারে—আর সিনেমার ‘থালাপতি’ এবার বাস্তবের ক্ষমতার কেন্দ্রেও জায়গা করে নিতে চলেছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তামিলনাড়ু #থালাপতি বিজয়