অর্থনীতি

জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (০৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য আগামী ৮ মে থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা ৯৫ টাকা ১২ পয়সা করা হয়।

পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়। এর প্রভাবে মার্চে প্রথম দফায় দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সায় পৌঁছায়।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে গেল ২৪ মার্চ দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিল মাসে তা আরও বেড়ে ২২৭ টাকা ০৮ পয়সায় পৌঁছায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জেট ফুয়েল #বিইআরসি