ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। পাল্টাপাল্টি এই সামরিক পদক্ষেপের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে চরম উত্তেজনার মুখে পড়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সহযোগিতায় ইরানের বিভিন্ন বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব এবং হরমুজগান প্রদেশের সিরিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানি সামরিক বাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী। পাশাপাশি তেহরানের সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালির দিকে অগ্রসর হলে পাল্টা ব্যবস্থা নেয় আইআরজিসি।
ইরানি বাহিনী জানায়, সন্ধ্যায় চালানো সামরিক অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন ড্রোন ব্যবহার করা হয়।
আইআরজিসি জানান, এই হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ মুখে পড়ে এবং শেষ পর্যন্ত হরমুজ প্রণালি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়।
আইআরজিসি নৌবাহিনীর এক কমান্ডার বলেন, ‘ইরানের জলসীমায় যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত। শত্রু যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে অত্যন্ত নিখুঁত ও সমন্বিত হামলা চালানো হয়েছে।’
খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এসব দাবি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের উস্কানিমূলক হামলা প্রতিহত করা হয়েছে এবং আত্মরক্ষার্থে সীমিত পাল্টা আঘাত চালানো হয়েছে। মার্কিন পক্ষের দাবি, তাদের কোনো যুদ্ধজাহাজ বা সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি লক্ষ্যবস্তুতে চালানো হামলাকে ‘লাভ ট্যাপ’ বা ‘মৃদু টোকা’ বলে মন্তব্য করেছেন।
এমএ//