আন্তর্জাতিক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে মোদির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনায় অভিনব এক শুভেচ্ছা বার্তা এল কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। জনপ্রিয় অভিনেতা ও সদ্য শপথ নেয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি বিজয়কে শুভকামনা জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার নতুন মেয়াদ সফল হোক—এই কামনা রইল।

শুধু অভিনন্দনই নয়, তামিলনাড়ুর উন্নয়ন যাত্রায় কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।

দীর্ঘদিন দক্ষিণী সিনেমায় জনপ্রিয়তার শীর্ষে থাকা থালাপতি বিজয় পরবর্তীতে নিজের রাজনৈতিক দল ‘তামিলনাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। বিধানসভা নির্বাচনে তার দল নিরঙ্কুশ বিজয় অর্জন করার পর তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজয়ের এই নতুন রাজনৈতিক যাত্রায় ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নরেন্দ্র মোদি #থালাপতি বিজয়