বিনোদন

৫০০ রুপি থেকে তামিলনাড়ুর মসনদে বিজয়, যেন সিনেমাকেও হার মানানো এক রূপকথা!

বিনোদন ডেস্ক

মাত্র ৫০০ রুপির এক ছোট্ট সূচনা—আর সেখান থেকেই শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা। শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানো সেই কিশোরই আজ তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের মুখ্যমন্ত্রী—থালাপতি বিজয়ের জীবনগাথা এখন যেন দক্ষিণ ভারতের সবচেয়ে নাটকীয় সাফল্যের কাহিনি।

রোববার (১০ মে) চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থনে গঠিত জোট সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে টানা চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটে।

সিনেমার পর্দায় বহুবার নায়কোচিত আবির্ভাব দেখা গেলেও, বাস্তবের এই মঞ্চ যেন ছিল আরও বড়। কারণ এবার চরিত্র নয়, নেতৃত্বের বাস্তব দায়িত্ব হাতে নিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই তারকা।

চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া বিজয়ের শৈশব কেটেছে আলো, ক্যামেরা আর গল্পের ভেতরেই। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের সুপরিচিত পরিচালক। বাবার পরিচালিত ১৯৮৪ সালের ‘ভেটরি’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়েই শুরু হয় বিজয়ের পথচলা।

সেই শুরুটা ছিল অবিশ্বাস্য রকম সাধারণ। এক সাক্ষাৎকারে এস এ চন্দ্রশেখর জানিয়েছিলেন, ওই ছবিতে অভিনয়ের জন্য বিজয়ের পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি। কিন্তু সেই সামান্য অঙ্কের পেছনেই লুকিয়ে ছিল ভবিষ্যতের এক বিশাল ইতিহাস।

চন্দ্রশেখরের ভাষ্য অনুযায়ী, অনেক আগেই বিজয় তাকে বলেছিলেন—একদিন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। তখন হয়তো সেটি ছিল এক কিশোরের স্বপ্ন, কিন্তু সময়ের স্রোতে সেই স্বপ্নই আজ রাজনৈতিক বাস্তবতা।

পাঁচশ রুপি থেকে শুরু হওয়া ক্যারিয়ার পরবর্তীতে তাকে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী সুপারস্টারে পরিণত করে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয়ের আলোচিত শেষ সিনেমা ‘জন নায়গন’-এর জন্য তিনি নিয়েছেন প্রায় ২২০ কোটি রুপি পারিশ্রমিক।

অর্থাৎ, শিশুশিল্পী হিসেবে পাওয়া ৫০০ রুপি থেকে ২২০ কোটি রুপির এই বিস্ময়কর উত্থান শুধু অর্থের হিসাব নয়—এটি এক তারকার অধ্যবসায়, জনপ্রিয়তা এবং আত্মবিশ্বাসের প্রতীক।

 

রুপালি পর্দা জয় করার পর এবার বিজয়ের সামনে নতুন মঞ্চ—রাজনীতি। আর সেই মঞ্চেও তিনি ইতোমধ্যেই লিখে ফেলেছেন ইতিহাস। পাঁচশ রুপির শিশুশিল্পী থেকে মুখ্যমন্ত্রীর আসন—থালাপতি বিজয়ের গল্প যেন প্রমাণ করে, কখনও কখনও স্বপ্ন সত্যিই বাস্তবকে হার মানায়।

এ সম্পর্কিত আরও পড়ুন #তামিলনাড়ু #থালাপতি বিজয়