আন্তর্জাতিক

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া যত ঘন হচ্ছে, ততই অস্থির হয়ে উঠছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধবিরতির সম্ভাবনা ভেঙে যাওয়ার পর এবার তার সরাসরি ধাক্কা লাগল জ্বালানি বাজারে। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নেয়ার পর বিশ্ববাজারে আবারও লাফিয়ে বাড়ল তেলের দাম। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ ডলারে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেয়। সেখানে তাৎক্ষণিক সংঘাত বন্ধের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চাওয়া হয়। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানের দেয়া প্রস্তাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

অন্যদিকে, অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া পাল্টা প্রস্তাবে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় চালু এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত অন্তর্ভুক্ত ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ রয়েছে। অথচ বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তীব্র চাপ তৈরি হয়েছে।

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে বড় জ্বালানি কোম্পানিগুলোর আয়ে।

সৌদি আরবের আরামকো জানিয়েছে, তাদের আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। একইভাবে ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিপি ও শেলও চলতি বছরে মুনাফা বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে।

বিশ্লেষকদের সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়লে এবং হরমুজ প্রণালির অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও গভীর হতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #জ্বালানি তেল