আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি!

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে দীর্ঘায়িত সংঘাত শুধু সামরিক অঙ্গনেই নয়, এবার স্পষ্ট চাপ ফেলতে শুরু করেছে মার্কিন অর্থনীতিতেও। যুদ্ধের ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি, জ্বালানির দাম এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ—সব মিলিয়ে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত মার্কিন শ্রম দপ্তরের নতুন তথ্য বলছে, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আরও বেড়েছে এবং বার্ষিক মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে গত তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, বাড়িভাড়া ও বিমান ভাড়াসহ বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি সাধারণ মার্কিনিদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

মঙ্গলবার চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এসব অর্থনৈতিক চাপ তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না। তার একমাত্র লক্ষ্য হলো—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

সংঘাত নিরসনে কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা বেড়েছে। বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে, যা জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সামরিক পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র সক্রিয় অবস্থান ধরে রেখেছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে আরব সাগরে মোতায়েন রয়েছে এবং চলমান অবরোধ কার্যক্রমে অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এ পর্যন্ত ৬৫টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প রুটে সরিয়ে দেওয়া হয়েছে এবং চারটি জাহাজ অকার্যকর করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শুধু গত মাসের তুলনায় ব্যয় বেড়েছে আরও ৪ বিলিয়ন ডলার, যা সংঘাতের আর্থিক চাপ দ্রুত বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

রাজনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব দৃশ্যমান। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুদ্ধ ইস্যুতে মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

অন্যদিকে ইরানও কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ এলাকা আরও বিস্তৃত করেছে। পাশাপাশি তেহরানে নতুন সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #মার্কিন যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প