আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ২ শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, সাইদা-দক্ষিণ মহাসড়কের বারজা, জিয়েহ ও সাদিয়াত এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মাজদাল জুন, ইয়ানুহ ও বুর্জ শেমালি শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের ওয়াদি আল-উইউন এলাকা ও স্রেব্বিন শহরের মাঝামাঝি স্থানে অবস্থান নেওয়া ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটি দাবি করেছে, হামলায় একটি ইসরাইলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের দেইর সিরিয়ান শহরের খাল্লাত আল-রাজ এলাকায় একটি ইসরাইলি ডি-৯ বুলডোজারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #ইসরাইল #হিজবুল্লাহ