নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ১২ জন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম।
তিনি জানান, দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত অন্তত ১২ জনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত।
ফখরুল ইসলাম বলেন, রান্না শেষে চুলা বন্ধ না থাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। পরে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে যায়।
দগ্ধদের মধ্যে রয়েছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), বদরুল হায়দার (৫০), ক্যান্টিন বয় মো. আমির (২৫), শংকর (২৫), কাওছার (৩০) ও আল আমিন (৪০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শারীরিক অবস্থা ও কত শতাংশ দগ্ধ হয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।