পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের সাক্ষাৎকার নিতে গেলে দুই টেলিভিশন সাংবাদিককে সাধারণ ডায়েরি (জিডি) করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
ভুক্তভুগী সাংবাদিকরা জানান, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া এলাকার ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) নিয়ে ওসির বক্তব্য জানতে থানায় যান তাঁরা। মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
তবে এ বিষয়ে বক্তব্য না দিয়ে ওসি আনিছুর রহমান ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে জিডি করার জন্য থানার পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু বক্তব্য না দিয়ে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।
নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।
পাবনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি খাইরুল ইসলাম বাসিদ বলেন, জিডির ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত ঘটনার তদন্ত করে ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
জেলা পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন সেটি তাঁর নিজস্ব বিষয়।
উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে। পরে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমজে/এ