দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাত ধরেই দেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ গঠনে বাহিনীটির প্রায় ৬০ লাখ সদস্যের সাহস, দায়িত্ববোধ ও নিষ্ঠা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় তিনি বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৬৭০ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকট ও প্রয়োজনের মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনেও তাদের ভূমিকা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের পথচলায় আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে।
গ্রামীণ নিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষিভিত্তিক অর্থনীতি এবং সামাজিক সেবায় আনসার-ভিডিপির বিস্তৃত নেটওয়ার্ক কার্যকর অবদান রাখতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাহিনীটির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগ উৎপাদনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবশেষে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ গঠনে বাহিনীটির অব্যাহত ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।
এসি//