সিরাজগঞ্জ পৌর সুপার মার্কেটের একটি দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে বাজারজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
আহত আজিম শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। তিনি পৌর সুপার মার্কেটে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে মার্কেট খুলতে এসে দোকানের শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখেন তারা। পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে গিয়ে দোকানের ভেতরে আজিমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সেখান থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হামলা নাকি আত্মহত্যার চেষ্টা—দুই বিষয়ই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
এমএ//