টানা ৩ দফা কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা, ফলে সাধারণ ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হলো মূল্যবান এই ধাতু।
বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ প্রেক্ষিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৭ হাজার ৩৩২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।
এর আগে সবশেষ গেল ২০ মে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস।
এমএ//