অর্থনীতি

টানা ৬ষ্ঠবারের মতো কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে খরচ হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই এ দর কার্যকর হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম কমানো হলো।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকায় ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম একই পরিমাণ কমে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমে ২ হাজার ১০০ টাকা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস