ইন্টারনেটে ক্ষতিকর কনটেন্টের বিস্তার ঠেকানো এবং শিশুদের অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন দুটি নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির লাইসেন্সধারী অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
শুক্রবার (২২ মে) মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)২০২৫ সালের অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় নীতিমালা দুটি প্রকাশ করে। চীনের বৃহত্তম সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, নতুন ঝুঁকি হ্রাসকরণ নীতিমালার অধীনে লাইসেন্সপ্রাপ্ত অ্যাপ্লিকেশন সেবাদাতা এবং কনটেন্টভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আইনের ১৩ নম্বর ধারার আওতায় এসব ব্যবস্থার মধ্যে রয়েছে কনটেন্ট মডারেশন, ঝুঁকি মূল্যায়ন, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ সুবিধা এবং শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ।
এ ছাড়া শিশু সুরক্ষা নীতিমালায় অনলাইন পরিবেশকে শিশুদের জন্য আরও নিরাপদ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আইনের ১৮ নম্বর ধারা অনুযায়ী প্রণীত এ নীতিমালায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ, বয়স যাচাইকরণ ব্যবস্থা, অভিভাবকীয় নিয়ন্ত্রণ, গোপনীয়তা সেটিংস এবং কনটেন্ট মডারেশনের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিশন আরও জানায়, অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৫-এর ৮০ নম্বর ধারার অধীনে এই নীতিমালাগুলো জারি করা হয়েছে। ওই ধারার মাধ্যমে লাইসেন্সধারী সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় শর্ত ও বিধিনিষেধ আরোপের আইনি ক্ষমতা পেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এসি//