দেশজুড়ে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

রাশিয়া-ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চাকরির প্রলোভনে রাশিয়ায় নেয়ার পর তাকে যুদ্ধে পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার (২১ মে) রাতে জাহাঙ্গীরের বন্ধু মৃদুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তার মৃত্যুর খবর জানান।

ভিডিও বার্তায় বলা হয়, গত ১৮ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা চার বাংলাদেশির মধ্যে তিনজন নিহত এবং একজন আহত হন। নিহতদের একজন ড্রোন হামলায় এবং অপর দুজন মাইন বিস্ফোরণে প্রাণ হারান। তাদের মরদেহ এখনো যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে বলেও দাবি করা হয়।

জাহাঙ্গীরের পরিবারের অভিযোগ, একটি এজেন্সি চাকরির আশ্বাস দিয়ে জাহাঙ্গীরসহ কয়েকজনকে রাশিয়ায় নিয়ে যায়। শুরুতে অন্য কাজে নিয়োগ দেয়া হলেও পরে বিভিন্ন কৌশলে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েক মাস প্রশিক্ষণ দেয়ার পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে অল্প সময়ের মধ্যেই প্রাণ হারান জাহাঙ্গীর।

এই ঘটনায় জাহাঙ্গীরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে মা বারবার আহাজারি করছেন। অন্যদিকে, স্ত্রী ছোট সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারের একটাই দাবি—যেকোনো উপায়ে জাহাঙ্গীরের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

পি ডি/ এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন #কিশোরগঞ্জ #নিহত