পটুয়াখালীর মহিপুরে মক্তবে পড়তে আসা এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে।
মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেন (২৮)-এর বিরুদ্ধে মক্তবে পড়তে আসা শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। শনিবার (২৩ মে) সকালে অভিযুক্ত বেল্লাল হোসেনকে হাতেনাতে আটক করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত ইমাম বেল্লাল দীর্ঘ দিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন যাবৎ ওৎ পেতে ছিলেন।
শনিবার সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষের মুখে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
ওসি মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা শাহাদাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএ//