আগামী পবিত্র ঈদুল আজহার নামাজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আদায় করবেন সরকারের নীতিনির্ধারক ও বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
রোববার (২৪ মে) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
এ ছাড়া রাজধানীতে নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামাজ আদায় করবেন ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঈদ করবেন নরসিংদী জেলার পলাশ থানা এলাকায়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নির্বাচনী এলাকায় সিরাজগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঈদের নামাজ আদায় করবেন নিজ জেলা ভোলায়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঈদ করবেন নিজ সংসদীয় এলাকায়। সরকারের অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের অধিকাংশই এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হবে। অনষ্ঠিত হবে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত।
আর/আই