দেশজুড়ে

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

বায়ান্ন প্রতিবেদক

সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর পান্থপথে ‘সামুরাই কনভেনশন সেন্টার’ সহ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায়  'মুসলিম উম্মাহ বাংলাদেশ'-এর আয়োজনে ঈদের এই নামাজে অংশ নেন কয়েকশ মুসল্লি।

এদিকে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে মৌলভীবাজারে আজ সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে আগাম ঈদ উদযাপন করে আসছে স্থানীয় কিছু মানুষ। উক্ত জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ  শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়াও পটুয়াখালীতে ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা পালন করছে।

বগুড়ার গাবতলী উপজেলায় ৪র্থ বারের মতো মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের মতে, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করা উচিত। সেই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। খারাপ আবহাওয়ার কারণে অনেকে এবারে জামাতে অংশগ্রহণ করতে পারেননি।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদের নামাজ #আগাম ঈদ