দেশজুড়ে

কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ের সময় তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ওই এলাকার আব্দুর রউফের মেয়ে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড় শুরু হওয়ার আগে শিশুটি বাড়ির পাশে খেলছিল। হঠাৎ দমকা হাওয়ায় একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে একই কালবৈশাখী ঝড়ে উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকায় কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঝড়ের তাণ্ডবে একাধিক টিনের ঘর উড়ে যায়, ফলে অনেক পরিবার বিপাকে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

  

পিডি   

এ সম্পর্কিত আরও পড়ুন #কালবৈশাখী ঝড় #সাতক্ষীরা