দেশজুড়ে

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রাজহাঁসের বাচ্চা ধরতে গিয়ে পুকুরে ডুবে আজগর হোসেন শুভ্র (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে নেমে রাজহাঁসের একটি বাচ্চা ধরার চেষ্টা করেন শুভ্র। একপর্যায়ে প্রায় ১৫ ফুট গভীর পানিতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে পানির নিচে তলিয়ে যান।

এ সময় তাকে ডুবে যেতে দেখে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয়রা পুকুরে নেমে প্রায় ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর শুভ্রকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।  

পরে তাকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের  চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর একটি ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী এবং পুরো কাশেরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

  

পিডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুরের কাপাসিয়া #রাজহাঁসের বাচ্চা #পুকুরে ডুবে