সিরাজগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে ঈদের দিন এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।
পুলিশ জানায়, গত ২৮ মে ঈদের দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ছোনগাছা বাজার সংলগ্ন চামেলী মোড় এলাকায় একটি টং দোকানের সামনে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র শাকিল (২৩) কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে ২৯ মে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম তদন্তে নামে।
তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো নিয়ে অভিযুক্ত রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের কথা-কাটাকাটি হয়েছিল। পরে ঘটনার তিন থেকে চার দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে অপর দুই আসামি শাকিল (২৪) ও সাব্বিরের (২৬) সঙ্গে নিহতের ঝগড়া হয়। ওই সময় রাকিব ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসব ঘটনার জের ধরেই ঈদের দিন সংঘটিত হয় হত্যাকাণ্ড।
প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মো. রাকিব (২৫)কে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই/এ