আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ হামলা, নিহত ১৬

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি রাশিয়ার অন্যতম ভয়াবহ হামলা।

মঙ্গলবার (০২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার দিবাগত রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কিয়েভ ও দিনিপ্রো শহরে।

আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দিনিপ্রোতে একটি আবাসিক ভবনে হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশু এবং এক নারীও রয়েছেন। রাজধানী কিয়েভে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। 

কিয়েভ ও দিনিপ্রো মিলিয়ে ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের খারকিভে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনা। এতে দেশজুড়ে বহু মানুষ আহত হয়েছেন।

জেলেনস্কির দাবি, এক রাতেই রাশিয়া ৬৫৬টি আক্রমণাত্মক ড্রোন এবং ৭৩টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ব্যালিস্টিক, ক্রুজ ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রও ছিল।

তিনি বলেন, “প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে জরুরি ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র প্রয়োজন।”

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, মে মাসে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউক্রেন #রাশিয়া