গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক মা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সন্ধ্যার আগে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। সোহাগ ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকাশে কালো মেঘ জমতে শুরু করলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া খড় ও গাছের পাতা ঘরে তোলার জন্য মা-ছেলে সেখানে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন আলম জানান, ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন সোহাগ। ছুটিতে বাড়ি এসে সোহাগ মায়ের সঙ্গে খড় আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান তিনি।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, সরকারি বিধি অনুযায়ী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
পিডি