ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (০৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গাজার একাধিক এলাকায় হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এতে কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর একটি ভবনে একই পরিবারের শিশু, নারী ও বৃদ্ধ সদস্যরা আগুনের মধ্যে আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও আগুন ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হতাহতদের মধ্যে কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনী তিন হাজারের বেশি বার তা লঙ্ঘন করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, তুলনামূলক শান্ত পরিস্থিতি দেখে তারা রাতে ঘুমাতে গিয়েছিলেন। কিন্তু গভীর রাতে বিস্ফোরণ, আগুন ও ধ্বংসযজ্ঞের শব্দে তাদের ঘুম ভেঙে যায়।
এমএ//