আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার (১৬ জুন) বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তবে বিশ্বমঞ্চে নামার আগেই দুশ্চিন্তায় পড়েছে দলটি। চোটে ভুগছেন নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস, যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা বাড়িয়েছে।
জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস পেশির অতিরিক্ত চাপের সমস্যায় ভুগছেন। ফলে বুধবার দুজনই মূল অনুশীলনের বাইরে আলাদাভাবে কাজ করেছে।
চোট থাকলেও দুজনের কেউই এখনো বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই। তবে তালিয়াফিকোর আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা আছে।
সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রথম একাদশে খেলেছিলেন তালিয়াফিকো। তবে আইসল্যান্ডের বিপক্ষে তিনি বেঞ্চেও ছিলেন না, যা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে। তার অনুপস্থিতি রক্ষণভাগেও দুশ্চিন্তা বাড়িয়েছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালিয়াফিকোর চোট গুরুতর নয়। তবুও আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থা আরও পরীক্ষা করা হবে, উন্নতি হলে তিনি বিশ্বকাপ দলে থাকবেন। অন্যদিকে গঞ্জালেসের অবস্থাও নজরদারিতে রয়েছে।
এরই মধ্যে আর্জেন্টাইন স্কোয়াডে পরিবর্তন এনেছে লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে নেওয়া হয়েছে মার্কোস সেনেসিকে।
পি/ডি