খেলাধুলা

মাঠে ফেরার অপেক্ষায় মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ, এরপর দীর্ঘ সময় পড়ে থাকা, স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর হাসপাতালে ছুটতে হয়েছে। শেষ পর্যন্ত চোয়ালের হাড়ে ফাটল ধরা পড়ায় অস্ত্রোপচারও করাতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। তবে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি। একই সঙ্গে দ্রুত মাঠে ফেরার প্রত্যয়ও জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

সম্প্রতি নিজের যাচাইকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করেন মার্টিনেজ।

সেখানে তিনি জানান, তার অস্ত্রোপচার সফল হয়েছে। যারা খোঁজখবর নিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মার্টিনেজ লেখেন, যারা তাকে বার্তা পাঠিয়েছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞ। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দল ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছে। কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশাও প্রকাশ করেন তিনি।

আর্জেন্টিনার এই গোলরক্ষকের অস্ত্রোপচার সফল হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি মার্টিনেজকে ‘প্রিয় দিবু’ সম্বোধন করে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানান।

তাপিয়া লেখেন, পৃথিবীর সব শক্তি যেন মার্টিনেজের সঙ্গে থাকে। দূর থেকে তাকে বড় করে আলিঙ্গন জানিয়ে তিনি বলেন, মার্টিনেজ আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবেন বলে তার কোনো সন্দেহ নেই। ভালো-মন্দ সব সময়েই পাশে থাকার আশ্বাস দিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লেখেন, ‘তোমাকে ভালোবাসি, বন্ধু।’

মার্টিনেজের এই চোটের সূত্রপাত এভারটনের বিপক্ষে ম্যাচে। প্রতিপক্ষের একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে বল পাঞ্চ করার চেষ্টা করেন তিনি। এ সময় এভারটনের সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন এই গোলরক্ষক। এরপর প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হয়।

পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সরাসরি একটি ক্লিনিকে নেওয়া হয়। সিটি স্ক্যানে তার ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পরীক্ষায় চোয়ালের হাড়ে ফাটল শনাক্ত হয়। চোটের কারণে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে প্রাথমিক উদ্বেগ অনেকটাই কেটে গেলেও মাঠে ফিরতে তাকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মার্টিনেজের প্রায় দেড় মাস সময় লাগতে পারে।

অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তিতে মার্টিনেজের সমর্থকেরা। এখন সবার অপেক্ষা, কবে আবার গোলবারের নিচে দাঁড়িয়ে নিজের চেনা দৃঢ়তায় দলকে আগলে রাখবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এমিলিয়ানো মার্টিনেজ