খেলাধুলা

মাস্ক পরে আলজেরিয়ার দুর্গ সামলাচ্ছেন লুকা জিদান

স্পোর্টস ডেস্ক

মাঠের আলো, গ্যালারির গর্জন আর বিশ্বকাপের চাপের মাঝেও যখন এক গোলরক্ষক মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে থাকেন পোস্টে—তখন স্বাভাবিকভাবেই থমকে যায় দর্শকের চোখ। ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচে এমনই এক ভিন্ন রূপে ধরা দেন লুকা জিদান। তার মুখে থাকা কালো সুরক্ষামূলক মাস্ক ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে কৌতূহল, প্রশ্ন আর আলোচনা। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের এই উপস্থিতিই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। মুখে কালো মাস্ক পরে খেলায় নামায় অনেকেই প্রথমে বিষয়টিকে ফ্যাশন বা নতুন ট্রেন্ড ভেবেছিলেন, কিন্তু পরে জানা যায় এটি চিকিৎসাজনিত সুরক্ষা ব্যবস্থা।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক ভয়াবহ সংঘর্ষে গুরুতরভাবে আহত হন লুকা জিদান। ওই ঘটনায় তার চোয়াল ও থুতনিতে ফ্র্যাকচার ধরা পড়ে এবং পাশাপাশি তিনি কনকাশনে আক্রান্ত হন, অর্থাৎ মাথায় আঘাতজনিত জটিল সমস্যার মুখোমুখি হন।

এ ধরনের ইনজুরির পর সাধারণত দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। তবে বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যান তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জন্য বিশেষ কার্বন ফাইবার দিয়ে তৈরি সুরক্ষামূলক ফেস মাস্ক প্রস্তুত করা হয়। এই মাস্কের মাধ্যমে কোনো নতুন আঘাত লাগলে চাপ সরাসরি ক্ষতিগ্রস্ত চোয়ালে না গিয়ে পুরো মাস্কজুড়ে ছড়িয়ে যায়, ফলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসে। এই কারণেই বিশ্বকাপের ম্যাচগুলোতে তাকে মুখে কালো মাস্ক পরে খেলতে দেখা যাচ্ছে।

এদিকে লুকা জিদানের জাতীয় দল নির্বাচন নিয়েও রয়েছে আলাদা আলোচনা। ফ্রান্সে জন্মগ্রহণ করলেও তিনি আলজেরিয়ান বংশোদ্ভূত। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা এর আগে ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও পরবর্তীতে পারিবারিক শিকড়ের টানেই আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি দলটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভাঙা চোয়াল, দীর্ঘ পুনর্বাসন আর কালো মাস্কের আড়ালে লুকিয়ে থাকা লড়াই—সবকিছু পেরিয়ে এখন বিশ্বমঞ্চে আলজেরিয়ার গোলপোস্ট আগলে দাঁড়িয়ে আছেন লুকা জিদান, এক অন্যরকম দৃঢ়তার প্রতীক হয়ে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিফা ২০২৬ #ফুটবল #লুকা জিদান #মাস্ক