ফরিদপুরে ময়লার স্তূপ থেকে কুকুরের টানা হেঁচড়ার সময় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৫ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কলেজের প্রধান ফটকের পাশের একটি ময়লার স্তূপে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখেন কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে।
এ সময় কয়েকজন বাসিন্দা তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসআই খাইরুল বাশার বলেন, ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করিয়ে রাতের আঁধারে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আই/এ