আবহাওয়া

১০ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।  

বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।   

আবহাওয়া অফিসের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

এদিকে মঙ্গলবার (১৬জুন) রাতে প্রকাশিত হওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।   

 

পি/ডি   

এ সম্পর্কিত আরও পড়ুন #দশ অঞ্চল #আবহাওয়া অধিদপ্তর