ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বামীর হাত-পা, চোখ-মুখ বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। রাতে সাত থেকে আটজনের একটি দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, গৃহবধূর স্বামীর হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে নারীকে পাশের নির্জন জায়গায় নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের মধ্যে কয়েকজনকে ভুক্তভোগীর পরিবার চিনতে পেরেছে।
ভুক্তভোগীর মা জানান, অস্ত্রের মুখে জিম্মি করে রাখায় তারা চিৎকার করে কাউকে ডাকতে পারেননি। অভিযুক্তদের মধ্যে তিন থেকে চারজনকে তিনি চিনতে পেড়েছেন বলেও দাবি করেন।
ঘটনার পর বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দলবদ্ধ ধর্ষণের মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী নারী বর্তমানে থানায় রয়েছেন এবং এজাহার গ্রহণের পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
পি/ডি