পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাস হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত একনেকে পাস হয়ে কাজ শুরু হবে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রংপুরের কাউনিয়া তিস্তা রেলসেতু এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর তিস্তা মহাপরিকল্পনার ফাইলপত্র নিয়ে কাজ শুরু করলে দেখতে পাই আরও কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। শুধু বাঁধ দেওয়া, ড্রেজিং করলেই হবে না, পানিও ধরে রাখতে হবে। বন্যায় যখন পানি আসে, তখন নদীর পাড় ভাঙে, হাজার হাজার মানুষের ঘরবাড়ি-দোকানপাট শেষ হয় যায়। অপরদিকে মার্চ-এপ্রিল মাসে নদীতে পানি থাকে না। তাই বিশেষ কারিগরি সমীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। ফলে একটু সময় লাগছে।
তিনি বলেন, এই হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করে যদি নদীতে পানি না থাকে, তাহলে সেটি নিয়ে প্রশ্ন উঠবে। তাই শুকনা মৌসুমে কীভাবে পানি তিস্তা নদীতে প্রবাহিত করা যায়, খাল দিয়ে পানি প্রবাহিত করে কৃষি ও মাছ চাষে কাজে লাগানো যায় সেটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। খুব দ্রুত বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়ন শেষ করে প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে।
এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবুল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই/এ