স্বর্ণের ঝলক যেমন ক্রেতাদের আকর্ষণ করে, তেমনি এর দামের ওঠানামাও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। দেশের বাজারে সেই আলোচনায় এবার কিছুটা স্বস্তি ফিরেছে। কারণ, টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস।
সংগঠনটি জানিয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত নতুন দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে শুক্রবার (১৯ জুন) সকালে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, আর ৩৯ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। সে সময় ৬৪ বার দাম বাড়লেও কমানো হয়েছিল মাত্র ২৯ বার।
এসি//