কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) স্থানীয় সময় সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
নিহত বাংলাদেশিরা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক গণমাধ্যমকে জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এমএ//