কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে ওঠার আগে এক নারীর ব্যাগ থেকে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আটক নারীর নাম জেসমিন আক্তার। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা।
রোববার (২১ জুন) নভোএয়ারের ঢাকাগামী (ভিকিউ-৯২২)-এর একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য যান। স্ক্যানিংয়ের সময় সাথে থাকা একটি ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ওই নারীকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আর/আই