আইন-বিচার

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩৮৬৫ মামলা প্রত্যাহার করেছে সরকার : আইনমন্ত্রী

ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে সরকার প্রত্যাহার করেছে। বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১১তম দিনের বৈঠকে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। মামলা দায়েরের সময় এফআইআরে রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।

তিনি বলেন,  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের হিসাব অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছিল।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ৮ মার্চ তার নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আইনমন্ত্রী