যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আলোচনার প্রকৃত সাফল্য নির্ভর করবে উভয় পক্ষ কতটা আন্তরিকভাবে নিজেদের প্রতিশ্রুতি ও দায়িত্ব বাস্তবায়ন করে তার ওপর।
মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, যে কোনো সমঝোতা কার্যকর করতে হলে আলোচনায় গৃহীত অঙ্গীকারগুলো পূর্ণাঙ্গভাবে এবং নির্ভুলভাবে বাস্তবায়ন করা জরুরি।
পেজেশকিয়ান জানায়, আলোচনার অগ্রগতি কথার মাধ্যমে নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তিনি বলেন, আলোচনায় সম্মত নথির বাইরে দেওয়া বক্তব্য বা ব্যাখ্যা সমঝোতা প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক নয়।
তবে তিনি কার বক্তব্যের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে কয়েকটি মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। একই সঙ্গে অবমুক্ত করা ইরানি তহবিলের একটি অংশ মার্কিন কৃষিপণ্য কেনার জন্য ব্যবহৃত হতে পারে বলেও ইঙ্গিত দেন।
তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার বিষয়বস্তু এবং সমঝোতার শর্ত নিয়ে কিছু বিষয়ে ওয়াশিংটনের বক্তব্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
এমএ//