দেশজুড়ে

বাড়ছে যমুনার পানি,৩০ মিটার বাঁধ নদীগর্ভে

সিরাজগঞ্জ প্রতিনিধি

উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নদীভাঙনও। সদর উপজেলার বাহুকা এলাকা এবং চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে তীব্র ভাঙনে বসতঘর, আবাদি জমি ও নদীতীরের গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে চলে যাচ্ছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টেও ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড এ  তথ্য জানিয়েছে।

পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে সদর উপজেলার বাহুকা পয়েন্টে নদীতীর রক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়ে। এতে প্রায় ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে পানি ওঠানামার প্রভাবে চৌহালী ও শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানেও নতুন করে ভাঙন শুরু হয়েছে। অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে।

নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জিওব্যাগে বালু ভরে ফেলার কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে যমুনার পানি বৃদ্ধি পেলেও এখনও তা বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে ২৪০ সেন্টিমিটার নিচে রয়েছে।

তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী মানুষের উৎকণ্ঠা কাটছে না। বিশেষ করে ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, পরিস্থিতির আরও অবনতি হলে তাদের বসতভিটা ও জীবিকার প্রধান অবলম্বন কৃষিজমি হুমকির মুখে পড়তে পারে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ