নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধারণত যৌতুক সংক্রান্ত মামলায় স্বামী কিংবা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠে। তবে এবার উল্টো ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তার হওয়া নারী সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায় , ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের আওতায় স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ৩ ধারায় একটি নালিশি মামলা দায়ের করেন শাকিল আলম। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার কার্যক্রম চলাকালে আদালতে হাজির না হয়ায় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের ওই নির্দেশনার ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাজেদা আক্তারকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
পি/ডি