দেশজুড়ে

বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, যুবককে গণপিটুনি

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছ নিহত তিনজন হলেন- মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া আহত মেজ মেয়ে ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। কয়েক বছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে এ এলাকায় ভাড়া আছেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। আজ সকালে তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা এক যুবককে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানিয়েছেন,  আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুই মেয়ে ও তাদের মা মারা গেছেন। তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের সবার শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গণপিটুনি দিয়ে আহত করা অভিযুক্ত যুবকের মাথায়ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইটপাটকেল ছুড়লে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হন।  পুলিশ ঘটনা তদন্ত করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লক্ষ্মীপুর