রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায় ও তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। নির্ধারিত আয়োজনের মাত্র এক দিন আগে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
শুক্রবার (২৬ জুন) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক এই কনসার্ট। তবে বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজকরা জানান, আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনসার্টের নতুন তারিখ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানানো হতে পারে বলেও জানিয়েছে তারা।
এদিকে নতুন তারিখ নির্ধারণ সম্ভব না হলে টিকিটধারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। এতে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি বেঙ্গল সিম্ফনিরও পরিবেশনা করার কথা ছিল।
পি/ডি