শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,মেধার কোনও বিকল্প নাই, মেধাবী বানাবেন শিক্ষকরা। আমাদের মাত্র যাত্রা শুরু হলো। আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাই না। যেকদিন থাকবো, সিংহের মতো বেঁচে থাকবো। এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বো।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বরিশালে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কোনও ছাড় দেওয়া হবে না। এবারে এসএসসি পরীক্ষা সুন্দরভাবে হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। আশা করছি, এবারের পরীক্ষাও ভালো হবে, সুন্দর হবে। পরীক্ষার বিষয়ে প্রশাসনিক সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, এবারের এইচএসসি পরিক্ষায় পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা থাকবে। বাইরে থেকে কেউ আক্রমণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরার কোনও বিকল্প চলবে না।
তিনি আরও বলেন, ‘এবারে খাতা দেখার বিষয়টি আইনে যুক্ত করা হয়েছে। খাতা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন হলে বোর্ড থেকে খাতা নিয়ে যাবো, সেগুলো নিয়ে আমি চেক করবো। এগুলো আমি আইনে রেখেছি’।
নকল নিয়ে মন্ত্রী বলেন, ‘২০০১ সালের পর আর নকল হয়নি মন্তব্য করে তিনি বলেন, ২০০৬ সালে নকলের দাফন-কাফন, চল্লিশা খেয়ে আমরা বিদায় নিলাম। পরে দেখা গেলো নকল করোনার মতো ভেরিয়েন্ট বদলে আবার চলে আসলো’।
আই/এ