কুড়িগ্রামের নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পান্ডা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে এ ঘটনায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন।
বুধবার (২৪ জুন) দুপুরে অভিযুক্ত ইয়াকুব পান্ডাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ (২৫ জুন) নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পরিচিত এবং আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে কৌশলে অচেতন করে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়।
বাদীর দাবি, ঘটনার কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে অভিযুক্তকে ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পান এবং তাকে আটকের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তের স্বজনরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর কাছে ঘটনার বিস্তারিত শোনার পর পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করেন।
ওসি অপূর্ব কুমার রায় জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ইয়াকুব পান্ডাকে গ্রেপ্তার করে বুধবার (২৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আই/এ