দেশজুড়ে

পূর্ববিরোধের জেরে কক্সবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পূর্ববিরোধকে কেন্দ্র করে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একই এলাকার মো. সিফাতের সঙ্গে আবু তাহেরের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ধারালো কিরিচের আঘাতে গুরুতর আহত হন আবু তাহের।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #হত্যা #কুপিয়ে হত্যা