ভারতে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সরাই আকিল থানার অন্তর্গত পানারা গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের দাবি, বুধবার এক ব্যক্তির কাছ থেকে একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে এমন তথ্য পান। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সেই বাড়িতে অভিযান চালায়। সে সময় বাড়িতে থাকা চারজন পুরুষ সেখান থেকে পালিয়ে যেতে পারলেও পালাতে পারেননি তিন নারী। তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই তিন নারী জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছিল। পরবর্তীতে মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।
পুলিশ আরও জানিয়েছে, এই তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে আলাদা তদন্ত করা হবে । এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কি না সেটিও খতিয়ে দেখা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
পি/ডি