বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে নিখোঁজের তিনদিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর দেড়টায় উপজেলার চরমালিয়া গ্রামের নিজ বাড়ির পেছন থেকে মাটিচাপা দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, হারুন হাওলাদার কয়েক দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা মুলাদী থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
আজ সকালে স্থানীয়রা বাড়ির পেছনে একটি স্থানের মাটি আলগা এবং বাঁশের কঞ্চি দিয়ে ঢেকে রাখা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ওই স্থান খুঁড়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর স্ত্রী সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।
আই/এ