খেলাধুলা

সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফুটবলপ্রেমীরা দেখলেন রোমাঞ্চের এক দুর্দান্ত খেলা। সিয়াটলে রাউন্ড অব ৩২-এর ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বেলজিয়াম। ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

এদিকে, জয়ের খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো সেনেগালকে। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দলটি। 

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সেনেগাল।  আক্রমণাত্মক ফুটবল খেলে ৫১ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। সেই সময় পর্যন্ত মনে হচ্ছিল, তারাই নিশ্চিত করছে শেষ ষোলোর টিকিট। কিন্তু শেষ দিকে পাল্টে যায় পুরো দৃশ্যপট।

৮৫ মিনিট পর্যন্ত স্বস্তিতেই ছিল সেনেগাল এবং শেষ ষোলোর টিকিটও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের।  কিন্তু ৮৫ থেকে ৮৭ মিনিট- মাত্র দুই মিনিটের ঝড়ে দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। মুহূর্তেই জমে ওঠে লড়াই, নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।   

অতিরিক্ত সময়েও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেও জাল খুঁজে পাচ্ছিল না দুই দলের কেউই। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধ, আর সেখানেই আসে ম্যাচের সবচেয়ে টানটান মুহূর্ত।                                   

১১৭তম মিনিটে বক্সের ঠিক বাইরে বেলজিয়ামের অধিনায়ক ইউরি তিলেমান্সকে ফাউল করেন সেনেগালের লামিন কামারা। প্রথমে রেফারি সাইদ মার্তিনেজ খেলা চালিয়ে যেতে দিলেও পরে ভিএআরের নির্দেশে মনিটরে গিয়ে ঘটনাটি পর্যালোচনা করেন। দীর্ঘক্ষণ ভিডিও রিপ্লে দেখার পর ১২০তম মিনিটে তিনি পেনাল্টির বাঁশি বাজান।

মাঠজুড়ে তখন টানটান উত্তেজনা। গুরুত্বপূর্ণ সেই স্পট-কিক কে নেবেন, তা নিয়ে ছিল জল্পনা। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল দায়িত্ব নেবেন রোমেলু লুকাকু। তবে শেষ পর্যন্ত অধিনায়ক ইউরি তিলেমান্সই বল হাতে নিয়ে স্পটে দাঁড়ান।

১২৫তম মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন টিলেমান্স। শেষ পর্যন্ত সেই ব্যবধানই জয় এনে দেয় বেলজিয়ামকে।     

জয়ের দুয়ারে দাঁড়িয়েও হৃদয়ভাঙা বিদায় নিতে হলো সেনেগালকে, আর অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোয় জায়গা করে নিল বেলজিয়াম।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #বেলজিয়াম #সেনেগাল