দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে মুক্তির আগেই তার নতুন সিনেমা ‘ঈথা’ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। একদিকে ছবিটির জন্য নেওয়া তার মোটা অঙ্কের পারিশ্রমিক, অন্যদিকে সিনেমার নাম নিয়ে উঠেছে বিতর্ক।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমগুলোর দাবি, মহারাষ্ট্রের লোকনাট্য 'তামাশা' এবং 'লাবণী' নৃত্যের কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন শ্রদ্ধা। যা তার আগের সিনেমাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি শ্রদ্ধা কাপুরের তৃতীয় কাজ। এর আগে তারা একসঙ্গে ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী ২’ এ কাজ করেছেন। নির্মাতার বিশ্বাস, জীবনীভিত্তিক এই সিনেমা শ্রদ্ধার অভিনয়জীবনে নতুন মাইলফলক হয়ে উঠতে পারে। সেই কারণেই তার পারিশ্রমিককে যৌক্তিক বলেই মনে করছেন তিনি।
এর আগে ‘স্ত্রী ২’-এ অভিনয়ের জন্য শ্রদ্ধা পেয়েছিলেন ৫ কোটি রুপি, যেখানে সহ-অভিনেতা রাজকুমার রাওয়ের পারিশ্রমিক ছিল ৬ কোটি রুপি। অন্যদিকে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার জন্য তিনি নিয়েছিলেন ৭ কোটি রুপি।
তবে পারিশ্রমিকের খবরের পাশাপাশি ছবিটির নাম নিয়েও আপত্তি উঠেছে। মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলের চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ দাবি করেছে, কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনীভিত্তিক সিনেমার নাম ‘ঈথা’ না রেখে ‘ভিতাবাই’ বা ‘ভিতা’ রাখা উচিত। তাদের মতে, বর্তমান নামটি শিল্পীর অবদান ও পরিচয়কে যথাযথভাবে তুলে ধরে না।
একই মত প্রকাশ করেছেন ভিতাবাইয়ের পরিবারের সদস্যরাও। তারা ছবিতে শিল্পীর প্রকৃত নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ছবির অভিনেতা অনন্ত ভি জোশি জানিয়েছেন, সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর কথা ভেবেই শুরুতে ভিন্ন নাম রাখা হয়েছিল। তবে পরিবারের সম্মতি মিললে বাস্তব নাম ব্যবহার করলে ছবিটি দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য হবে বলেও তিনি মনে করেন।
শ্রদ্ধা কাপুর ছাড়াও ‘ঈথা’ সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা।
পি/ডি